বাবা যখন ছোট | When Daddy was a little boy | Alexander Raskin

 



লেখা: TmA Library Team


আমাদের সকলের একটা ছেলেবেলা আছে। আছে দুষ্টামিতে চ্যাম্পিয়ন হওয়ার, কথা না শুনার জেদী মনোভাবে বাঁচার কিংবা কতশত বকা খাওয়ার কাজ করে শাস্তি মাথা পেতে নেওয়ার এক দূরন্ত শৈশব। আচ্ছা, আমাদের বাবাদের ছেলেবেলাটাও কি এমন ছিল?


রাশিয়ান লেখক আলেক্সান্দর রাস্কিন তাঁর লেখা বই 'হোয়েন ড্যাডি ওয়াজ এ লিটল বয়' -এ (বাংলা ভাষায় অনুবাদ গ্রন্থঃ বাবা যখন ছোট) নিজের ছোটবেলার গল্প শুনিয়েছেন। ২৮ টি ছোট্ট অংশে তিনি জানিয়েছেন ছোটবেলায় তাঁর সাথে ঘটা খারাপ ঘটনাগুলোর কথা, বলেছেন সেই ঘটনা থেকে পাওয়া শিক্ষার কথাও। রাস্কিনের বইটি বাংলা ভাষায় বেশ কয়েকজন লেখকই অনুবাদ করেছেন, তবে সবচেয়ে প্রচলিত রয়েছে ননী ভৌমিকের লেখা অনুবাদ গ্রন্থটি ।


এক নজরে  


বইয়ের নাম: বাবা যখন ছোট 



মূল ভাষা : রাশিয়ান


জনরা: আত্মউন্নয়নমূলক


লেখক: আলেক্সান্দর রাস্কিন


বাংলা অনুবাদ: ননী ভৌমিক


প্রথম প্রকাশ: জানুয়ারি, ১৯৮৯


প্রকাশনী : রাদুগা পাবলিশার


 পৃষ্ঠা : ১০৫


মূল্য : ১৩৫ টাকা (বাংলাদেশ)


লেখকনামা 


আলেক্সান্দর রাস্কিন : জন্ম বেলারুশে, ১৯১৪ সালে। তবে তাঁর পড়াশোনা এবং বেড়ে ওঠা রাশিয়ায়। তাঁর লেখায় জীবনের সূক্ষ্ম আত্মোপলব্ধি ফুটে উঠতো, এটিই তাঁকে পাঠক প্রিয়তা এনে দিয়েছে। ১৯৭১ সালে রাশিয়ায় তাঁর মৃত্যু হয়। 






কেন পড়া উচিত বইটি? 

কিভাবে আসলো এমন বই লেখার ভাবনা? রাস্কিন বইয়ের শুরুতে সেই ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন তাঁর মেয়ে সাশা'র কথা। সাশা যখন ছোট, নানান রোগে ভুগত সে। কখনও ইনফ্লুয়েঞ্জা, কখনও টনসিলাইটিস। কখনও বা কানের ব্যথায় সারারাত ঘুমাতে পারতো না। তখন বাবা রাস্কিন মেয়েকে নানান গল্প শুনাতেন, নিজের ছোটবেলার গল্প। সেই সময় কেমন ছিলেন সে কথা, এটা সেটা করে শাস্তি পাওয়ার কথা। সেসব শুনে ভালো লাগতো মেয়ের। এরপর থেকে মেয়ের নানান অসুস্থতায় রাস্কিনকে শোনাতে হতো এসব গল্প। রাস্কিনও সেই সুযোগে মেয়েকে গল্পচ্ছলে বোঝাতে চাইতেন লোভ, বড়াই, ন্যাকামিগুলো কত খারাপ জিনিস। সেসব গল্পই পাঠকদের জন্য তিনি তুলে এনেছেন এই বইতে। বইটিতে স্হান পেয়েছে রাস্কিনের ছোটবেলার খারাপ ঘটনাগুলোর কথা। 

" তবে ভেবো না যে আমি সারাজীবনই ছিলাম লোভী, ন্যাকা। খুঁজে খুঁজে শুধু খারাপ ঘটনাগুলোই বেছেছি। "





লেখক তাঁর অভিজ্ঞতার শুরুটা করেছেন রঙিন বল দিয়ে। তখন তিনি পাভলভো-পসাদ নামের ছোট এক শহরে থাকতেন। মস্কো থেকে কিনে আনা এক বল নিয়ে বড্ড বড়াই ছিল লেখকের। সেই তল্লাটে এমন ভারী সুন্দর বল আর কারো না থাকায় অহংকার আর হিংসুটে স্বভাবটাও পেয়ে বসেছিল সে সময়। তার মূল্যও দিতে হয়েছিল অবশ্য। নিজের অহংকার জাহির করতে গিয়ে বোকামি করে বলটাই নিজ হাতে ধ্বংস করে দিয়েছিলেন তিনি। সে ই থেকে হিংসুটেপনা একদমই আর জন্মায়নি ছোট্টবেলার লেখকের মনে। একবার হলো কি - ছোট্ট রাস্কিনকে বড় হয়ে কি হবে সেটা জিজ্ঞেস করে বসলো একজন। আমাদের সকলেরই যেমন ছেলেবেলায় একেক সময় একেক পেশা নিয়ে ভাবনা আসতো মাথায়, কাউকে দেখে হয়ত ভাবতাম- আমি এর মতো হবো, আবার ক'দিন পরই আরেক পেশার মানুষকে দেখে ভাবতাম এর মতো হলে কেমন হয়! ছোট্ট রাস্কিনের মনেও এমন ভাবনা খেলা করতো। সে কখনও হতে চাইতো চৌকিদার, কখনও বা আইসক্রিমের লোভে পড়ে আইসক্রিম ফেরিওয়ালার শখ জন্মাতো।



  এমন করে রেলের খালাসি, পাইলট, অভিনেতা, জাহাজেট মাল্লা আরও কতশত পেশাকেই নিজের করে নিতে চাইতেন লেখক! কিন্তু সব কিছুর আগে যেটা হওয়া উচিত সেটার শিক্ষা পেয়েছিলেন তিনি এক সৈন্যের কাছে। খাঁটি মানুষ হওয়ার শিক্ষা । সে-ই থেকে ছোট্ট রাস্কিনের মনে একটাই ভাবনা উঁকি দিতো, মানুষ হতে হবে।


রাস্কিন তাঁর প্রথম স্কুল যাত্রার কথাও লিখেছেন বইটিতে। প্রথম দিনেই ক্লাসের অন্যদের সাথে গোলমাল পাকিয়ে কান্নাই পেয়ে বসেছিল লেখকের, তবু তিনি কাঁদেন নি। সেদিন তাঁর শিক্ষক এক উপদেশ দিয়েছিলেন, "যখন কান্না পাবে, তখন হেসে ওঠার চেষ্টা করো। এই আমার উপদেশ। সারাজীবন মনে রাখবে। " লেখক জীবনভর মনে রেখেছেন তাঁর শিক্ষকের উপদেশটি।



এভাবেই একেকটা গল্পে একেক শিক্ষার কথা বলেছেন আলেক্সান্দর রাস্কিন। কখনও পোষ মানাতে গিয়ে কুকুরের কামড় খাওয়া, বই পড়তে পড়তে এক আধটা কবিতা লিখতে পেরে যাওয়া, কখনও বা অপারেশন করাতে গিয়ে আইসক্রিম খাওয়ার লোভ দেখিয়ে চুপচাপ সব ব্যথা সহ্য করায় অভ্যেস হয়ে যাওয়া - ছোটবেলার এমন নানান শিক্ষা লেখকের বড় বেলায় এসেও কাজে লেগেছে। আর এই গল্পগুলো পড়তে গিয়ে আমরা সকলের স্মৃতির ক্যানভাসে বোধহয় একবার হলেও উঁকি দেবে নিজেদের ফেলে আসা ছোটবেলার দিনগুলো। একেকটা গল্প যেন আমাদের নিজেদেরই গল্প৷ আমরা হয়ত লেখকের মতো করে ভাবি না, ভাবার চেষ্টা করি না। তাই সব গল্প বা স্মৃতি থেকে পাওয়া শিক্ষা কাজেও লাগে না বড়বেলার জীবনে। ভাবুন তো, ছোটবেলার শিক্ষাগুলো বড় হয়ে কাজে লাগাতে পারলে কতই না ভালো হতো, তাই না?  


চলুন, তাহলে পড়া যাক সেই বই। 

TmA রেটিং! 




বইটি পড়তে চান?  

মূল বইটি ক্রয়ের লিংক:


>> অ্যামাজন : এখানে


 >> রকমারি (অনুবাদ) এখানে


>> বাংলা অনুবাদ ডাউনলোড লিংক : 

TmA Library 



কেমন লাগলো বইটি পড়ে? এই বইটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে পারেন ফেসবুকে মেসেজ দিয়ে। 


আরো রিভিউ: আল আকসা মসজিদের ইতিকথা । 


এই বিভাগের লেখা নিয়মিত পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেইজে। 


ট্যাগ: বাবা যখন ছোট, বাবা যখন ছোট pdf, baba jokhon choto book pdf, when daddy was a little boy book, Alexander raskin,