করোনা : জাহাঙ্গীরনগরে সশরীরে ক্লাস বন্ধ | TmA

 



দেশব্যাপী করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীর ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।


তবে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো স্বাস্থ্যবিধি মেনে অব্যাহত থাকবে বলে রেজিস্ট্রার সূত্রে জানা গেছে। 


গেল বছরের অক্টোবরে করোনার পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো সশরীরে ক্লাস নিতে শুরু করে। দীর্ঘ বন্ধের পর শিক্ষার্থীরা আবাসিক হলেও উঠতে শুরু করে। কিন্তু গেল বছরের শেষদিকে করোনার নতুন ধরণ 'ওমিক্রন ' দেশে দেশে মতুন করে শনাক্তের হার বাড়াচ্ছে। বাংলাদেশেও এই ধরণটি ছড়িয়েছে। বাড়ছে শনাক্ত ও মৃত্যুর হারও। এমন পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিলো। 


আজ বৃহস্পতিবার দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আবার ১১ শ ছাড়িয়ে গেছে; নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার পৌঁছেছে ৫ শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতির সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ১৪০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের।


এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ ২৯ সেপ্টেম্বর, সেদিন ১ হাজার ১৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর এসেছিল।