ফিরে দেখা ২০২১ : কেমন ছিল দেশের ক্রীড়াঙ্গন? | TmA

 


Written by : Tanvir Mahatab Abir 


করোনাকালে গেল বছর এমনিতেই সারাবিশ্বেই স্থবির ছিল ক্রীড়াঙ্গন। দেশে দেশে শনাক্ত আর মৃত্যুর গ্রাফ যত বেড়েছে তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে খেলার সূচীর স্থগিতাদেশ। এ বছর প্রত্যাশা ছিল ক্ষতি কিংবা স্থবিরতা কাটিয়ে উঠে মাঠের খেলায় ফিরবে ক্রীড়া জগত। পুরোপুরি লক্ষ্য পূরণ না হলেও কোয়ারেন্টিন কিংবা বায়োবাবলের মধ্যে প্রাণ ফিরেছে মাঠে। বাংলাদেশে ক্রীড়াজগতে অবশ্য সাফল্যের ধারাবাহিকতা দেখা যায় নি কোনো খেলাতেই। ক্রিকেটে যেমন ফারাক ছিল হোম ও অ্যাওয়ের ফলাফলে, ফুটবলও ধরে রেখেছিল ব্যর্থতার উপাখ্যান। অন্যান্য খেলায় কালেভদ্রে সাফল্য আসলেও উন্নতির গ্রাফটা বরাবরের মতোই নিম্নমুখীই ছিল। এই লেখায় দেখতে চাই এই বছর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের হালচাল। 



ক্রিকেট 


পুরো বছরে মোট ১২টি একদিনের ম্যাচ খেলেছে টাইগাররা। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত ম্যাচগুলোর মধ্যে আটটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ জয়ের হার ৬৬.৬৬ শতাংশ।


জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে নামে বাংলাদেশ। এতে ৩-০ ব্যবধানে সফরকারীদের হোয়াইটওয়াশ করে টাইগাররা।মার্চে নিউজিল্যান্ড সফর করে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জাবরণ করে টাইগাররা।মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে আতিথ্য দেয় বাংলাদেশ। তিন ম্যাচের ওই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। জুলাইয়ে জিম্বাবুয়ে সফর করে তামিম বাহিনী। সেখানে ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত তিনটি ওয়ানডে ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ।কোয়ারেন্টাইন ও বায়ো-বাবলের জটিলতায় শ্রীলঙ্কার ডাম্বুলায় দুই টেস্ট খেলে বাংলাদেশ। প্রথমটা ড্র করলেও দ্বিতীয়টা হেরে যায়। 


আগস্টের প্রথম সপ্তাহ ছিল বাংলাদেশের জন্য ঐতিহাসিক। মিরপুরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ অষ্ট্রেলিয়াকে হারায় ৪-১ ব্যবধানে। এর পরপরই বাংলাদেশের আতিথেয়তা গ্রহণ করে নিউজিল্যান্ড। কিউইদের সাথেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা। 


তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদেরকে লজ্জাজনক ভরাডুবি দেখেছে দেশের দর্শকরা। নেপালের সাথে প্রথম রাউন্ডে হার তো বিদায় ঘন্টা বাজার শঙ্কাই জাগিয়ে তুলেছিল। পরের ম্যাচগুলো জিতে দ্বিতীয় রাউন্ডে উঠলেও আর ম্যাচ জেতা হয় নি বাংলাদেশের। মূল আসরে আট ম্যাচের ছয়টিতেই হেরেছে মাহমুদউল্লাহর দল। 


বাংলাদেশ ২০২১ সালে ছয়টি সিরিজ জিতেছে। এর মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ। এর আগে কোনো পঞ্জিকাবর্ষে বাংলাদেশ কখনো এতগুলো সিরিজ জেতেনি। এর আগে সর্বোচ্চ দুবার বছরে পাঁচটি সিরিজ জিতেছিল বাংলাদেশ ক্রিকেট দল।


 আইসিসির র‌্যাংকিং অনুযায়ী নারী দল প্রথমবার জায়গা পেয়েছে ২০২২ ওয়ানডে বিশ্বকাপে।


অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মিশনটা বড় জয় দিয়েই শুরু করলো বাংলাদেশ দল। ২৪ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ১৫৪ রানে হারিয়েছে রাকিবুল হাসানের দল।



ফুটবল 


গেল কয়েক বছর ধরেই যাচ্ছেতাই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে দেশের ফুটবল। মাঠ ও মাঠের বাইরে হারের ও সমালোচনার বৃত্ত থেকে বেরোতে পারছে না এক সময় সোনালী যুগ পার করে আসা দেশের ফুটবল অঙ্গন। এ বছরও আশার আলো দেখাতে পারে নি জাতীয় ফুটবল দল। 


মার্চে নেপাল ও কিরগিজস্তান অনুর্ধ-২৩ দলের সাথে ত্রি-জাতীয় সিরিজে অংশ নেয় বাংলাদেশ। ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।  



জুনে বিশ্বকাপ বাছাইয়ের এশিয়া অঞ্চলের খেলায় প্রথম ম্যাচে আফগানিস্তানের সাথে ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ। পরের দুই ম্যাচ ভারত ও ওমানের সাথে হেরে যায় লাল সবুজের দল। সেপ্টেম্বরে প্রীতি ম্যাচে ফিলিস্তিনকে হারায় জামাল ভুইয়ার দল। এরপরে নভেম্বরে কিরগিজস্তানকে ৪-১, মালদ্বীপকে ২-১, শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারায় দলটি। ড্র হয় সিসিলিসের সাথে ম্যাচটি। 


সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিংয়ে পরিবর্তন আসে। জেমি ডে’কে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় অস্কার ব্রুজনকে। খণ্ডকালীন দায়িত্ব নিয়ে সাফ শেষ করেছেন এই স্প্যানিশ কোচ। এরপর প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মারিও লেমস।


অক্টোবরে সাফে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের সাথে ১-১ এ ড্র করে খেলায় ফেরে বাংলাদেশ। মালদ্বীপের সাথে পরের ম্যাচে ২-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। ২০০৩ সালের পর থেকে মালদ্বীপের বিপক্ষে জয়ের মুখ ফুটবল মাঠে দেখতে পাননি বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে ১৮ বছর পরে মালদ্বীপকে হারালেন তারা। শেষ ম্যাচে নেপালের সাথে ড্র করে ফাইনালে খেলার স্বপ্ন অধরা থেকে যায় বাংলাদেশের।  


তবে সব ছাপিয়ে ফুটবলে সাফল্যের গল্প লেখা হয়েছে বছরের শেষদিকে। গেল সপ্তাহে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জিতেছে লাল-সবুজের দলের মেয়েরা। 


হকি 


হকিতে জুনে হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু এএইচএফ অনূর্ধ্ব-২১ ওয়ার্ল্ড কোয়ালিফাইং। সেটি পিছিয়ে গেছে আগামী বছরে। এশিয়ান হকির সবচেয়ে বড় আসর এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে। ভারত, পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলগুলো সাথে হেরে বিদায় নিতে হয় স্বাগতিকদের। 



আর্চারি


আর্চারিতে গত মে মাসে দারুণ এক সাফল্য পেতে পেতেও পায়নি বাংলাদেশ। বিশ্বকাপ আর্চারির রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে ওঠে লাল সবুজের দুই প্রতিনিধি রোমান সানা ও দিয়া সিদ্দিকী। সুইজারল্যান্ডের লুজানে বিশ্ব জয়ের হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু পারেনি। র‌্যাংকিংয়ের ১৭ নম্বরে থাকা দলটি আর্চারির রিকার্ভ মিশ্র দলগত ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে রানার্সআপ হয়।


ব্যাডমিন্টন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র সিরিজ-২০২১’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।তিন দিনের এ প্রতিযোগিতায় শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করে।


দাবা


এশিয়ান দাবা ফেডারেশন, বাংলাদেশ দাবা ফেডারেশন ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আয়োজনে এশিয়ান একাডেমিক হাইব্রিড দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট এককভাবে শীর্ষস্থানে রয়েছে। গেল নভেম্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 



বডিবিল্ডিং


ভারতের মুম্বাই এক্সিবিশন সেন্টারে আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিংয়ে অংশ নিয়ে এ বছর তৃতীয় রানার আপ হয়েছেন বাংলাদেশের বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ। প্রথমবার বাংলাদেশ থেকে কোনো নারী অংশ নেন এমন প্রতিযোগিতায়।


সব মিলিয়ে দেশের ক্রীড়াঙ্গন প্রাপ্তি-অপ্রাপ্তি আর স্থগিত হওয়ার বেড়াজালে আটকে ছিল এ বছর। করোনা পরিস্থিতি সামলে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে আসছে বছর সাফল্যের গল্পতেই লেখা থাকবে দেশের ক্রীড়াঙ্গন, এমনই থাকুক প্রত্যাশা।