Written by : Tanvir Mahatab Abir
বাংলাদেশের তরুণ প্রজন্ম পরিবেশ সম্পর্কে কতটা ভাবেন সে বিষয়ে জানতে ২০২০ সালে একটি জরিপ পরিচালনা করেছিল ইংরেজি জাতীয় দৈনিক ডেইলি স্টার। সে বছরের ২০ ফেব্রুয়ারী জরিপের ফল প্রকাশ করা হয় ডেইলি স্টারে। জরিপে অংশগ্রহণকারী ৬০ শতাংশেরই বয়স ছিল ২১ থেকে ২৫ এর মধ্যে। অংশগ্রহণকারীদের ৪৩ শতাংশই এইচএসসি কিংবা কলেজে পড়াশোনা করছেন, ৪১ শতাংশ অনার্সে পড়ছেন। বাকিরা পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্সে অধ্যয়নরত। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ৭৪ শতাংশই জলবায়ু পরিবর্তন সম্পর্কে জানতে পারেন ইন্টারনেট থেকে। এর বাইরে মাত্র ৫ শতাংশ মানুষ পত্রিকা থেকে জানতে পারেন এটি সম্পর্কে। প্রায় একই শতাংশ তরুণ টেলিভিশন এবং একাডেমিক জার্নাল থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ে খবর পান। জরিপ বলছে, প্রায় ৭০ শতাংশ তরুণ মনে করেন পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি বৈশ্বিক উষ্ণতার পরিবর্তন। ৫২ শতাংশের মতে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধিও বড় এক চিন্তার কারণ পরিবেশের জন্য। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ আছে ৪৮ শতাংশ তরুণের। ৫৫ শতাংশ তরুণের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকার থেকে প্রাথমিক পদক্ষেপ নেওয়া উচিত। ৩৮ শতাংশের মতে, এই পদক্ষেপ আসা উচিত ব্যক্তিগত পর্যায় থেকে।
জলবায়ু পরিবর্তন ইস্যুতে পত্রিকাগুলো কীভাবে অবদান রাখতে পারে সে বিষয়ে জরিপের শেষ অংশে অংশগ্রহণকারীদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়। এই অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অংশগ্রহণকারীরা। যেমন, জলবায়ু পরিবর্তন বিষয়ে পাঠকদের পরিষ্কার ধারণা দেওয়া, কারখানা এলাকায় ঠিক কতটা দূষণ ঘটছে সেটির অনুসন্ধান, ঢাকার দূষণের মাত্রা ঠিক কতটা ভয়াবহ সেটি নিয়ে বিস্তারিত লেখা যাতে সরকার এর গুরুত্ব বুঝতে পারে, দূষণের বিরুদ্ধে আইন ও তার প্রয়োগের খবর নিয়মিত প্রকাশ, মানুষকে নিয়মিত পরিবেশ বিষয়ে সচেতন করে তোলা ইত্যাদি।
জরিপের স্যাম্পল সাইজ যদিও খুবই ছোট (৭৬), তবু বাংলাদেশে এমন জরিপ সম্ভবত এটাই প্রথম। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।
আরো পড়ুন :
১। জন্মদিন পালনে ইসলাম কী বলে?
২। ঈদে মিলাদুন্নবী নিয়ে যা জানতেই হবে
৩। স্বপ্নে কী এমন ভয়ংকর শাস্তি দেখেছিলেন রাসূল (সা.)?
৪। সালামের সঠিক নিয়ম না জেনে গুনাহ করছেন?
৫। ফেসবুকে মেয়েদের ছবি দেখার আগে সাবধান

