আবারও বন্ধ হবে শিক্ষাপ্রতিষ্ঠান? | TmA

 


দেশে করোনার বিস্তার বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ হবে বিষয়টি মাথায় রেখে শিক্ষার্থীদের সময়কে কাজে লাগাতে এবং ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আজ বুধবার (১ ডিসেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন এবং ধানমন্ডিতে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে যে এই করোনা ভাইরাস কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি, এখন শিক্ষার্থীদেরও দিচ্ছি। বর্তমানে আবার নতুন আরেকটা ওয়েব আসছে। কাজেই এটা মাথায় রাখতে হবে যদি এটা বিস্তার লাভ করে তাহলে যেকোনো সময় আবার কিন্তু সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।


দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হওয়ার পর নতুন আতঙ্কের ঢেউ বইতে শুরু করেছে বিশ্বে; এরইমধ্যে বিভিন্ন দেশ ফিরিয়ে আনতে শুরু করেছে ভ্রমণ বিধিনিষেধ।


বিবিসি জানিয়েছে, গবেষকরা করোনাভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টকে চিহ্নিত করছেন বি.১.১.৫২৯ নামে। তবে আলোচনার সুবিধার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর নাম দিয়েছে ‘ওমিক্রন’। জাতিসংঘের এই সংস্থা ওমিক্রনকে তালিকাভুক্ত করেছে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বা ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় নতুন এই ধরনটি পাওয়ার ঘোষণা দেওয়ার পর অনেক দেশ নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আরোপ করছে। তারপরও অন্তত ২০টি দেশে ওমিক্রন পৌঁছে গেছে বলে খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।


টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওমিক্রন’ এর বিস্তারের ফলে মহামারীর আরেকটি ঢেউ আসন্ন কি না- সেই শঙ্কা জাগতে শুরু করেছে।